পুত্রভাষা

আমি আমার ভাষার কবি

স্বর-ব্যঞ্জণ অ আ ক খ

এই ধ্বনিতেই শব্দ সাজাই

দুঃখ কিংবা সুখের ছোঁয়ায়

আষাঢ়স্য বৃষ্টিফোঁটায় 

রাত্রি দিবস কাঁদতে থাকি

নীলযমুনা দুই নয়নে।

প্রেম কিংবা বিরহ যাপী

চুম্বন কিংবা মৈথুনে

এই ভাষাতেই প্রকম্পমান

এই ভাষাতেই খিস্তিখেউড়

আকাশচেরা বজ্রসমান

হু-হুংকারে ফেটে পড়ি

দ্রোহ কিংবা প্রতিবাদে।

আমি আমার ভাষার কবি

হোক না যতই গরিব সে হায়

শব্দ কিংবা বর্ণমালায়

ভাব এবং কল্পনাতে

শত সেলাই শাড়ির আঁচল

ছিন্নভিন্ন নকশী কাঁথা

জীর্ণশীর্ণ ভিখারিণী।

আমি আমার ভাষার কাঙাল

ও আমার মাতৃভাষা বাংলাভাষা

তুই তো আমার মা জননী, দুগ্ধদায়ী।

আমি তোর দুষ্ট ছেলে মাগো

আউল বাউল পাগল কবি

তোর লাগি মা জীবন বাজি

তোর লাগি মা যুদ্ধে রাজি

আমি তোর ভাষাপুত্র, পুত্রভাষা

বাংলা ভাষার দ্রোহী কবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *