আমি একটি কবিতা লিখতে চেয়েছিলাম— যে কবিতা আজও লেখা হয়নি, লেখেনি কেউ, হয়তো কোনোদিন লিখতেও পারবে না কেউ।
সে কবিতা লিখিয়ে নিতে চেয়েছিলাম অনন্ত বিস্ময়ে স্তব্ধ আকাশকে দিয়ে— নীল শূন্যতার বুক চিরে যে ভাষা ঝরে পড়ে নক্ষত্রের নিঃশব্দ ধ্যান থেকে।
আমি একটি কবিতা লিখতে চেয়েছিলাম— যে কবিতা মানুষের সাধ্যেরও অতীত।
সে কবিতা লিখিয়ে নিতে চেয়েছিলাম লক্ষ কোটি নক্ষত্রপুঞ্জকে দিয়ে, যাদের আলো জন্মের আগেই অন্ধকারের গভীর পরিচয় জেনে নিয়েছে।
আমি একটি কবিতা লিখতে চেয়েছিলাম— যে কবিতা কোনো কলম চেনে না, কোনো কাগজে ধরা দেয় না।
সে কবিতা লিখিয়ে নিতে চেয়েছিলাম পৃথিবীর সর্বোচ্চ পর্বতশিখরকে দিয়ে, যেখানে বাতাসও ক্লান্ত হয়ে পড়ে আর নীরবতাই হয়ে ওঠে ভাষা।
আমি একটি কবিতা লিখতে চেয়েছিলাম— যে কবিতা কোনো প্রাণী লিখতে পারে না।
সে কবিতা লিখিয়ে নিতে চেয়েছিলাম মহাসমুদ্রের অতল অন্ধকারে নিভৃতে বেঁচে থাকা এক টুকরো সবুজ শ্যাওলাকে দিয়ে— যে আলোহীন গভীরেও জীবনের পতাকা উড়িয়ে রাখে।
আমি একটি কবিতা লিখতে চেয়েছিলাম— যে কবিতা লেখেনি, লিখতে পারেনি, লিখতে পারবে না পৃথিবীর শ্রেষ্ঠতম কোনো কবিও।
সে কবিতা লিখিয়ে নিতে চেয়েছিলাম সেই মানুষটিকে দিয়ে, যার জীবনে কোনো কবিতা নেই— যে ক্ষুধার কাছে প্রতিদিন পরাজিত, যার শূন্য থালার শব্দ সব ভাষার চেয়েও করুণ।
আমি একটি কবিতা লিখতে চেয়েছিলাম— যে কবিতা কোনো সুখী মানুষ লিখতে পারবে না।
সে কবিতা লিখিয়ে নিতে চেয়েছিলাম পৃথিবীর সবচেয়ে দুঃখী মানুষটিকে দিয়ে, যার চোখে আনন্দের আলো নেই, তবু অশ্রুর গভীরে জ্বলে ওঠে অলৌকিক কোনো দীপ্তি।
আমি একটি কবিতা লিখতে চেয়েছিলাম— যে কবিতা আজও লেখা হয়নি, যে কবিতা এখনো অপেক্ষায় আছে।
সে কবিতা লিখিয়ে নিতে চেয়েছিলাম পৃথিবীর সবচেয়ে রক্তাক্ত, সবচেয়ে বেদনাবিধুর মানুষটিকে দিয়ে।
যে কবিতার ভেতরে থাকবে— পৃথিবীর সমস্ত আনন্দ ও বিষাদ, সমস্ত সুখ ও দুঃখ, সমস্ত প্রেম ও বিরহ, সমস্ত সৌন্দর্য ও ক্ষয়, সমস্ত রহস্য ও উদ্ভাসন।
যে কবিতা হবে— সবচেয়ে শিল্পিত, সবচেয়ে হৃদয়স্পর্শী, সবচেয়ে মর্মভেদী, সবচেয়ে আবেগময়, সবচেয়ে নতুন, তবু চিরকালীন।
সর্বকালের, সর্বশ্রেষ্ঠ, অসীম, অনন্ত, অফুরান এক কবিতা—
যে কবিতা কেউ লেখেনি, কেউ লিখতে পারেনি, হয়তো কোনোদিন লিখতেও পারবে না।
আমি সেই কবিতাটিই লিখতে চেয়েছিলাম, আজও লিখতে চাই।
হয়তো কোনো একদিন লিখতে পারতাম— যদি পেতাম কারও নির্মল, নিঃস্বার্থ, নিঃশেষ ভালোবাসা।
কিন্তু সেই সৌভাগ্য আজও হলো না আমার।
Leave a Reply