সময় এখন ভীষণ অন্যরকম
বদলে যাচ্ছে সবকিছু বদলে যাচ্ছে
মানুষ প্রকৃতি প্রকৃতির সন্তানেরা।
মানুষের অন্তর্গত বোধ বদলে যাচ্ছে স্বপ্নতা
যে মানুষ ভোরের আলোর দিকে যাওয়ার
কথা ছিল সে এখন হায়নার থাবার মতন
রোমশ অন্ধকারে সেঁটে যাচ্ছে, যে পাখি
গান গাইত এক আকাশের স্বপ্নে বিভোর সে পাখি
পালিয়ে গেছে কোন দূর গহিন অরণ্যে
সে বৃক্ষ এখন প্রেতের আতঙ্ক ছড়ায় বাতাসে।
সময় এখন ভীষণ অন্যরকম
কেউ কেউ ফিরে যাচ্ছে মুখর জনপদ থেকে
শীতোষ্ণ চিত্রল গুহায় মায়ামৃগের মুগ্ধ শিহরণে
কেউ কেউ ছিন্নভিন্ন রক্তাক্ত কান্না আর নিষ্ফল
আগুনে ঝলসে যাচ্ছে নিয়ত।
বুকে বুলেটের ক্ষত আর শুশ্রূষাহীন
ধোঁয়াচ্ছন্ন খাঁ খাঁ পড়ে থাকে রাজপথ
এমন বৈশাখী বাউরি বাতাস তবু ঝরে না একটি
গাছের পাতাও, কেঁপে ওঠে না- হিমালয় থেকে
সুন্দরবন হঠাৎ বাংলাদেশ।
এ বৈশাখ বৈশাখ নয়, ঝড়ে ও ঝঞ্ঝায়
কেনো ভেঙে পড়ে না তুমুল আকাশ
এ বৈশাখে ঝড় আসবে না?
এ মাটি কি শুধু পৃথিবীর আস্তাকুঁড়ের মতন
মুখ থুবড়ে পড়ে থাকবে এশিয়ার মানচিত্রে?
সময় এখন ভীষণ অন্যরকম
বদলে যাচ্ছে মানুষ, পাখি ও প্রকৃতি
শুধু বদলে যাচ্ছে না তৃতীয় বিশ্বের শ্বাসরুদ্ধ
আকাশ থেকে একখণ্ড অক্টোপাস-মেঘ।
Leave a Reply