জন্মের প্রথম অন্ধকার ভেদ করে
রক্তমাখা আলোয় যখন আমি
নবজাত চিৎকারে কেঁপে উঠেছিলাম—
ওয়া… ওয়া… সেই আদিম উচ্চারণের কম্পনে
যে প্রথম সুর নেমে এসেছিল পৃথিবীর বুকে,
সে আমার বাংলা ভাষা।
আমার কাঁপা ঠোঁটে প্রথম যে শব্দ
শিশিরভেজা কুঁড়ির মতো ফুটে উঠেছিল—
“মা”
সেই মধুরতম ধ্বনির অক্ষর-অর্ঘ্য,
সে আমার বাংলা ভাষা।
আমি যখন প্রথম অকারণ রৌদ্রের মতো
হাসিতে ভরিয়ে দিয়েছিলাম ঘর,
সে হাসির ঢেউয়ে যে আলো দুলেছিল—
সে আমার বাংলা ভাষা।
যন্ত্রণার প্রথম দগ্ধ ক্ষণে
উঃ… আঃ… শব্দে যখন বুকভাঙা কান্নায়
ভিজে উঠেছিল চারপাশ,
বেদনার সেই নোনাজল ধ্বনিও
আমার বাংলা ভাষা।
আনন্দের প্রথম উৎসবে
হইহই উল্লাসে যখন আকাশ কাঁপিয়ে তুলেছিলাম,
উল্লাসের সেই ঢাকের বাদ্য,
সেও আমার বাংলা ভাষা।
যেদিন প্রথম কণ্ঠে তুলেছিলাম—
“আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি”,
রক্তাক্ত ইতিহাসের সামনে দাঁড়িয়ে
ছুঁয়েছিলাম ভাষাশহীদের অমর আত্মা—
সেই অগ্নিস্নাত গানের প্রতিটি অক্ষর
আমার বাংলা ভাষা।
যেদিন মিছিলে গর্জে উঠেছিলাম—
“তোমার আমার ঠিকানা, পদ্মা-মেঘনা-যমুনা”,
নদীর স্রোতের মতো ছুটে চলা
সেই স্লোগানের উত্তাল জোয়ার
আমার বাংলা ভাষা।
মুষ্টিবদ্ধ উত্তোলিত হাতে
যেদিন বজ্রকণ্ঠে বলেছিলাম—
“বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো”,
আকাশ বিদীর্ণ করা সেই বজ্রধ্বনি
আমার বাংলা ভাষা।
যেদিন ক্ষুধার্ত মাটির পক্ষে
ন্যায়ের দাবিতে উচ্চারণ করেছিলাম—
“কৃষক রাজ, শ্রমিক রাজ—কায়েম করো”,
শস্যক্ষেতের সবুজ শপথ,
কারখানার ধোঁয়াভেজা প্রতিজ্ঞা—
সেও আমার বাংলা ভাষা।
যেদিন স্বপ্নের ভেতর জ্বলে উঠেছিল
সাম্যের দীপশিখা—
“বিপ্লব, সামাজিক বিপ্লব”,
পরিবর্তনের সেই রক্তিম সূর্যোদয়
আমার বাংলা ভাষা।
যেদিন শৃঙ্খলভাঙা কণ্ঠে বলেছিলাম—
“সামরিক শাসন মানি না, মানবো না”,
দাসত্বের অন্ধকার চিরে ওঠা
মুক্তির দীপ্ত উচ্চারণ
আমার বাংলা ভাষা।
যেদিন মহারণহুংকারে ফুঁসে উঠেছিলাম—
“স্বাধীনতার শত্রুরা হুঁশিয়ার!”,
অগ্নিগিরির উদ্গীরণের মতো
সে ক্রোধ, সে সতর্কবার্তা—
আমার বাংলা ভাষা।
যেদিন বিসুভিয়াসের আগুন হয়ে জ্বলে উঠেছিলাম—
“ফ্যাসিবাদে লাথি মারো, গণতন্ত্র ফিরিয়ে আনো”,
অঙ্গারের মতো লাল প্রতিবাদ,
ছাই থেকে জেগে ওঠা ফিনিক্সের ডানা—
আমার বাংলা ভাষা।
আর যেদিন প্রথম চোখে চোখ রেখে
নিঃশব্দ কম্পনে বলেছিলাম—
“আমি তোমাকে ভালোবাসি”,
হৃদয়ের গভীরতম কুঞ্জে
যে কাঁপা ফুল ফুটেছিল,
সেও আমার বাংলা ভাষা।
আমার জন্ম, আমার কান্না, আমার হাসি—
আমার প্রেম, আমার প্রতিবাদ, আমার বিপ্লব—
আমার সমস্ত উচ্চারণের আদি ও অন্ত,
সে-ই আমার শ্বাসের শিকড়,
সে-ই আমার রক্তের নদী,
সে-ই আমার আত্মার অনন্ত নাম—
সে আমার বাংলা ভাষা।
Leave a Reply